এক নাম্বারের পাশে ৯৯ জনের নাম, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ ১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী এক প্রজ্ঞাপনে তাকে বহিষ্কার করেছেন। হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরু ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রঙ্গাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তের প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সেই আলোকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।