পুরো একটা দ্বীপ জুড়ে ‘ম্যারি মি’ লেখার খবর বোধহয় এবারই প্রথম।
বিয়ে কিংবা প্রেমের প্রস্তাব দিতে কেউ কেউ একটু ভিন্ন পন্থার আশ্রয় নিতে উদ্যোগী হন। বাড়ির কিংবা হোস্টেলের সামনে লিখে দেওয়া হয় মনের কথা। এর আগে বিভিন্ন উপায়ে জল, স্থল, আকাশে বিয়ের প্রস্তাব দিয়ে ‘খ্যাতি’ পেয়েছেন অনেকে। কিন্তু পুরো একটা দ্বীপ জুড়ে ‘ম্যারি মি’ লেখার খবর বোধহয় এবারই প্রথম।
টোকিওর শিল্পী ইয়াসুশি ‘ইয়াশান’ তাকাহাসি তার প্রেমিকা নাৎসুকিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জাপানের পুরো হোক্কাইডো দ্বীপ জুড়ে। গোটা দ্বীপ জুড়ে লিখে দিয়েছেন ‘ম্যারি মি’। তবে কোনও রং তুলি দিয়ে নয়, গুগল ম্যাপ আর জিপিএস লোকেটরের সহায়তায় পুরো দ্বীপজুড়ে বিয়ের প্রস্তাব লিখেছেন তিনি।
আর এজন্য চাকরি ছেড়ে দিয়ে ছয় মাসে হোক্কাইডো দ্বীপের ৪,৪৫১ মাইল রাস্তা ভ্রমণ করেছেন তিনি। তবে, তাকাহাসির এমন চিত্রকর্ম প্রথম নয়। ২০০৮ সাল থেকে তিনি এই শিল্পকর্ম করছেন। এর আগে একটি কবুতরের ছবি একেছিলেন একই পদ্ধতিতে।
এক টুইট বার্তায় গুগল জানায়, প্রথমে কাগজের ম্যাপ দেখে নিজের যাত্রাপথ ঠিক করে নেন তাকাহাসি। কোথায় কোথায় জিপিএস লোকেটর অন-অফ করতে হবে, সেটা ঠিক করে নেন আগে থেকেই। পরিকল্পনা অনুযায়ী গাড়িতে সব ব্যবস্থা করে জিপিএস ডিভাইস নিয়ে বেরিয়ে পড়েন। জিপিএস অন করা অবস্থান গুগল ম্যাপে রেকর্ড হতে থাকে হলুদ রংয়ের রেখা বা বিন্দু দিয়ে। এভাবেই তিনি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন।
এমন অদ্ভুত কিন্তু চমৎকার পদ্ধতিতে বিয়ের প্রস্তাবে আর না করতে পারেননি তার প্রেমিকা নাৎসুকি। এই ছবি দেখে ‘হ্যাঁ’ বলতে দ্বিধা করেননি তিনি।
Matribumi Barta Online Newspaper