‘রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে’
রোহিঙ্গাদের জন্য আগের মতো বৈদেশিক সাহায্য আর আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গাদের জন্য আগে বিদেশ থেকে যেভাবে সাহায্য আসত, এখন আর সেভাবে সাহায্য আসছে না। এজন্য সরকারের পক্ষ থেকে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে”।
এসময় রোহিঙ্গাদের ছেলে-মেয়েরাও একদিন স্বদেশে গিয়ে লেখাপড়া করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও জনশক্তি রফতানি খাতে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে ড. মোমেন বলেন, “পুরুষের পাশাপাশি আমাদের দেশের নারীরাও বিদেশে যাবে। তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে বিদেশে কাজ করতে পারে সেজন্য তাদের ট্রেনিং দেওয়া হবে”।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের ৫৩ জন রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
Matribumi Barta Online Newspaper