বাংলাদেশের বাজারে এসেছে পি ৩০ ফোন সিরিজ।
মোবাইল দিয়ে ঝলমলে বিশাল চাঁদের সৌন্দর্য ধারণের ব্যর্থ চেষ্টা অনেকেই করেছেন। তাদের হতাশা সম্পূর্ণ না মিটালেও, দূরের দৃশ্যের সুস্পষ্ট ছবি তোলার অভূতপূর্ব সক্ষমতা নিয়ে বাজারে এসেছে হুয়াওয়ে পি ৩০ প্রো এবং এ সিরিজের আরও দুটি ফোন। পি ৩০ প্রো দিয়ে জুম ইন করে তোলা ছবিতে চাঁদের কৃষ্ণ গহ্বর পরিস্কার দেখা যায়।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশের বাজারের জন্য ছাড়া এ ফোন সিরিজ মার্চে বিশ্বব্যাপী জাঁকজমকের সাথে উদ্বোধন করেছে চাইনিজ টেক কোম্পানি হুয়াওয়ে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ও স্থানীয় সাংবাদিকদের সামনে নতুন ফ্ল্যাগশিপ ফোন সিরিজ তুলে ধরে মালয়শিয়া হুয়াওয়ের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ হং বলেন, হুয়াওয়ের প্রিমিয়াম ব্র্যান্ড মালয়েশিয়ার প্রিমিয়াম ফোন মার্কেটের ৪৬ শতাংশ দখল করেছে গত বছরের মধ্যে।
২০১৯ এ বের হওয়া পি ৩০ সিরিজের মধ্যে আছে পি ৩০ প্রো, পি ৩০ এবং পি ৩০ লাইট নামে তিনটি ভিন্ন ভিন্ন মূল্যে ফোন।
ফ্ল্যাগশিপ ফোনের যেসব বৈশিষ্ট্য থাকে তার সঙ্গে হুয়াওয়ে যুক্ত করেছে লাইকার তৈরি সুউচ্চ ক্ষমতা সম্পন্ন ‘কোয়াড’ বা চার ক্যামেরা। এদের মধ্যে রয়েছে ৫০ গুণ ডিজিটাল জুম সক্ষম লেন্স। এ ছাড়াও ক্যামেরায় আছে ১০ গুণ নিখুঁত বা লসলেস জুম করার এবং রাতের অন্ধকারে ছবি তোলার সক্ষমতা।
পি ৩০-এ যান্ত্রিক ও সফটওয়ার প্রযুক্তিরও অভাব নেই।পি ৩০ প্রো-তে আছে এ্যান্ড্রয়েড ৯ (পাই), হুয়াওয়ের কিরিন ৯৮০ অক্টাকোর প্রসেসর এবং ৮ জিবি র্যাম।
পি ৩০-এ আছে এ্যান্ড্রয়েড-৯ অপারেটিং সিস্টেম, কিরিন ৯৮০ প্রসেসর এবং ৮ জিবি র্যাম। লাইটে আছে এ্যান্ড্রয়েড ৯, কিরিন ৭১০ চিপসেট এবং ৬ জিবি র্যাম।
পি ৩০ প্রো, পি ৩০ এবং পি ৩০ লাইট-এর জন্য মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ৮৯ হাজার ৯৯৯, ৬৪ হাজার ৯৯৯ এবং ২৯ হাজার ৯৯৯ টাকা। ই-কমার্স ওয়েবসাইট এবং বিভিন্ন দোকান থেকে মাসিক কিস্তিতে প্রত্যেকটি ফোন কেনার সুবিধা রয়েছে।
Matribumi Barta Online Newspaper