Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / রাজনীতি / নজরুল ইসলাম: বাংলাদেশ বিশ্বের স্বৈরাচারী দেশগুলোর মধ্যে একটি

নজরুল ইসলাম: বাংলাদেশ বিশ্বের স্বৈরাচারী দেশগুলোর মধ্যে একটি

শনিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য। যে দেশে ধনী-দরিদ্র বৈষম্য থাকবে না, মা-বোনরা কারও দ্বারা লাঞ্ছিত হবে না। সে ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা লড়াই করেছিলাম। সে বাংলাদেশে যখন ফ্যাসিবাদ কায়েম হয়- এটা আমার কথা না; স্বৈরাচার কায়েম হয়, এটাও আমার কথা না; আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো গবেষণা করে বের করেছে বিশ্বের যেসব স্বৈরাচারী দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি।”

শনিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সমাজতন্ত্রকে বহাল করেছে উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ আবার সমাজতন্ত্রকে সংবিধানে পুনর্বহাল করেছে। যদি তাই হয় তবে দেশে তো সমাজতান্ত্রিক অর্থনীতি প্রচলিত হওয়ার কথা। কিন্তু আসলে কি? বাংলাদেশের সবাই জানে এটা একটা মুক্তবাজারের দেশ। মুক্তবাজার অর্থনীতিকে আওয়ামী লীগ তাদের দলীয় সভায় আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে এবং প্রেস কনফারেন্স করে সেটা জাতিকে জানিয়েছে তারা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করে। বিশ্বাস করে মুক্তবাজার অর্থনীতিতে আর সংবিধানে লেখা সমাজতন্ত্র- এই যে দ্বিমুখী নীতি এটা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। এটা তো গ্রহণযোগ্য না।”

সদ্য অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণকারী নুসরাতের বিষয়ে তিনি বলেন, “আমরা দাবি করবো, নুসরাতকে লাঞ্ছনাকারী সে যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু হবে কিনা জানি না।”

নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া কোনও অপরাধ করেন নাই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে এ কথা আমরা জোর দিয়ে বলতে পারি। কিন্তু তাকে জেলে দেওয়া তো বন্ধ করতে পারি না। কারণ আজকে আইন বিভাগ পর্যন্ত সরকার তাদের অধীনস্থ করে ফেলেছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন খান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার প্রমুখ।

Check Also

জন্মদিনে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, পথশিশুসহ ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

  স্টাফ করেসপন্ডেন্ট জন্মদিনে কোনো সামজিক অনুষ্ঠান না করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর …

Leave a Reply

Your email address will not be published.