Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / রাজনীতি / নুসরাত হত্যায় দ্রুত বিচার আদালত গঠনের দাবি নাসিমের

নুসরাত হত্যায় দ্রুত বিচার আদালত গঠনের দাবি নাসিমের

“আমি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত বিচার আদালত গঠন করে তাদের বিচার করুন, শাস্তি নিশ্চিত করুন”

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের জন্য দ্রুত বিচার আদালত গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত মাদকমুক্ত সমাজ ও নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত অভিভাবক সমাবেশে এ দাবি জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, “ফেনীর ছাত্রী (নুসরাত জাহান রাফি) হত্যার সঙ্গে কারা জড়িত তা সবাই জানে। আমি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত বিচার আদালত গঠন করে তাদের বিচার করুন, শাস্তি নিশ্চিত করুন। তা না হলে সমাজের এই অবক্ষয় দূর হবে না। অনতিবিলম্বে এটা করতে হবে। এই হত্যাকারীরা, অপরাধীরা কোনোভাবেই পার পেতে পারে না।”

নাসিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ যুদ্ধে সমাজের সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। তবেই এই সামাজিক অবক্ষয় দূর হবে।”

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “ফেনীর ছাত্রী রাফি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরিণ আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতসহ অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা।

Check Also

জন্মদিনে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, পথশিশুসহ ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

  স্টাফ করেসপন্ডেন্ট জন্মদিনে কোনো সামজিক অনুষ্ঠান না করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর …

Leave a Reply

Your email address will not be published.